ইউরোপে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে অ্যালকোহল ব্যবহারকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, সংস্থার নতুন তথ্যপত্রে বলা হয়েছে, ইউরোপে ‘বিশ্বব্যাপী সর্বোচ্চ অ্যালকোহল সেবনের মাত্রা’ রয়েছে। মদ্যপান অকালমৃত্যু, আঘাত এবং সহিংসতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষ আহত হয়ে মারা গেছে, যার মূল কারণ ছিল অ্যালকোহল গ্রহণের ফলে আত্ম-ক্ষতি, রাস্তা দুর্ঘটনা এবং পড়ে যাওয়া।
ডব্লিউএইচও বলেছে, মদ্যপান পারিবারিক ও আন্তঃব্যক্তিক সহিংসতার সঙ্গে যুক্ত, এবং এটি আঘাতজনিত মৃত্যুর প্রধান কারণ। বিশেষ করে বয়ঃসন্ধিকালে ও প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম পর্যায়ে তরুণরা বেশি ঝুঁকির মধ্যে থাকে, কারণ অ্যালকোহল মস্তিষ্কের বিকাশ ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে।
সংস্থার মতে, মদ্যপান স্মৃতি, শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদে অ্যালকোহল ব্যবহারের ব্যাধি ও অন্যান্য মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি অকাল মৃত্যু ও আঘাতজনিত অক্ষমতার প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে।





