জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে পারে—এমন মন্তব্যের পর ইউরোপীয় দেশগুলোকে সরাসরি সতর্কবার্তা দিয়েছে ইরান।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, এ ধরনের পদক্ষেপ যুদ্ধের শামিল হবে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক ব্যবস্থা আগ্রাসীদের সঙ্গে যোগসাজশ হিসেবে দেখা হবে এবং তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে।

তিনি আরও বলেন, চলমান সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে। বাঘাইয়ের দাবি, পরিষদ চাইলে পদক্ষেপ নিতে পারে এবং এতে বাধা কেবল তার নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য অবস্থান ঘিরে কূটনৈতিক চাপ আরও বেড়েছে।