৫৮ বছর বয়সী স্ট্রাইকার কাজুয়োশি মিউরা জাপানের তৃতীয় বিভাগের একটি দলে যোগ দিতে যাচ্ছেন এবং এই মাধ্যমে তিনি পেশাদার ফুটবলার হিসেবে নিজের ৪১তম মৌসুম শুরু করবেন। ‘কিং কাজু’ খ্যাত মিউরা গত মৌসুমে চতুর্থ বিভাগের এ্যাথলেটিকো সুজুকার হয়ে খেলেছেন। নতুন মৌসুমে তিনি এক বছরের জন্য ফুকুশিমা ইউনাইটেডে খেলার সম্ভাবনা রয়েছে।


চুক্তিটি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি, তবে মিউরার সাম্প্রতিক দলবদল সাধারণত ১১ জানুয়ারি সকাল ১১:১১ মিনিটে প্রকাশ করা হয়ে থাকে—যা তার জার্সি নম্বরের সাথে মিল রয়েছে। জাপান জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় ফেব্রুয়ারিতে ৫৯ বছরে পা দেবেন।


গত মৌসুমে সুজুকার হয়ে তিনি সাতটি ম্যাচ খেলেছেন। দল লিগে দ্বিতীয়-শেষ অবস্থানে থেকে প্লে-অফে হেরে যায় এবং পরবর্তীতে আঞ্চলিক লিগে রেলিগেটেড হয়। মিউরা ১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন।


১৯৯৩ সালে পেশাদার জে-লিগ চালু হলে জাপানে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় দলে ১৯৯০ সালে অভিষেক হলেও ৮৯ ম্যাচে ৫৫ গোল করার পরও প্রথমবারের মতো ১৯৯৮ সালের বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা পাননি, যা তখন ব্যাপক আলোচনা তৈরি করেছিল।