বাংলাদেশে দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।


আমীর খসরু বলেন, “বাংলাদেশ এখন নির্বাচনের পথে রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ইতিবাচক মনোভাব রয়েছে। তারা চান যত দ্রুত সম্ভব দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক।”


তিনি আরও বলেন, “আজকের আলোচনায় এই বিষয়টিই উঠে এসেছে—গণতন্ত্র কীভাবে ফিরিয়ে আনা যায় এবং এতে ইউরোপীয় ইউনিয়ন ও বিএনপি উভয়পক্ষ কী ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা সবাই চাই দেশ দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরুক। এটাই দেশের জন্য মঙ্গলজনক হবে।”


অন্যদিকে, দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। আজকের বৈঠকে আমরা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই সহায়তা আরও জোরদারের অনুরোধ জানিয়েছি, বিশেষ করে গণতন্ত্র ও বাণিজ্য খাতে।”


বিএনপি নেতারা জানান, ইইউ প্রতিনিধি দল বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রক্রিয়া, আসন্ন নির্বাচন এবং গণতন্ত্র চর্চা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। তারা চায় দেশে যেন একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।