নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ঘটে। পুলিশের বরাতে জানা যায়, সংঘর্ষ শুরু হয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এলাকা আধিপত্যকে কেন্দ্র করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র, দা, বটি, টেঁটা, বল্লমসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিত ককটেল পাঁচটি উদ্ধার করা হয়েছে।

আহতদের মধ্যে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২) ও হাবিবুল্লাহ মিয়া (৫৫)কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হাবিবুল্লাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের সময় হামলাকারীরা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”