রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ২০ জন সার্জন নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের ঢাকা মহানগরী উত্তর শাখার আমির সেলিম উদ্দিন।
তিনি বলেন, “ঘটনার গুরুত্ব বিবেচনায় জামায়াত তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এর আগে সোমবার দুর্ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
এছাড়াও দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতা চেয়ে মঙ্গলবার দেশব্যাপী দোয়া কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে পাইলটসহ ২০ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
গোলাম পরওয়ার জানান, নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং দ্রুত সুস্থতা কামনা করে প্রতিটি জেলা ও মহানগরে দোয়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দলের আমিরের পক্ষ থেকে জামায়াতের সব স্তরের কর্মী ও এলাকাবাসীকে উদ্ধার ও চিকিৎসা সহায়তায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





