আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার এই বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এসব অভিযোগের তদন্ত হবে এবং জনগণই এর বিচার নিশ্চিত করবে।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের ঘেরাও কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি দাবিতে এ কর্মসূচি পালন করছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।
আসিফ মাহমুদকে উদ্দেশ করে নাছির উদ্দিন বলেন, “জুলাই–আগস্ট আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই আন্দোলনের পর উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন-এটি এখন ওপেন সিক্রেট।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাছির বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা কখনোই জামায়াত-শিবির বা রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মেনে নেব না। পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াতকে সুবিধা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।”
তিনি আরও অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
\r\n




