পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসেন। তিনি বলেন, আশুরাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগের হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, “ঢাকা শহরের সব শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট বসানো হয়েছে এবং সেগুলো জোরদার করা হয়েছে।”
তিনি বলেন, “আসন্ন ১০ মহররম (৬ জুলাই) দিনব্যাপী যে রুটগুলো দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।”
সারওয়ার হোসেন আরও বলেন, জনভোগান্তি কমাতে তাজিয়া মিছিলের রুটে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা নির্দেশনা হিসেবে তিনি জানান, তাজিয়া মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ। এছাড়া, ধাতব বস্তু ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। মিছিলে উচ্চ শব্দ ব্যবহার না করার আহ্বান জানানো হয় এবং সন্ধ্যার আগেই মিছিল শেষ করার অনুরোধ করেন তিনি।





