কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলাপ-আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নিতে চায় না ঢাকা।

\r\n

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

\r\n

তিনি বলেন, \"আমাদের অবস্থান স্পষ্ট—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের নানা ইস্যু রয়েছে, তবে আমরা চাই না এখানে কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হোক, যা পুরো অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হতে পারে।\"

\r\n

তৌহিদ হোসেন জানান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, \"আমরা চাই তারা আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করুক। মধ্যস্থতার প্রস্তাব এসেছে ইরান ও সৌদি আরবের পক্ষ থেকেও। তবে আমরা মনে করি, এখনই বাংলাদেশের আগবাড়িয়ে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার সময় নয়। যদি দুই দেশ আমাদের সহায়তা চায়, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।\"

\r\n

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, \"আধুনিক বিশ্বে সবকিছু কিছুটা হলেও সবাইকে প্রভাবিত করে। তবে এই সংঘাতের কারণে বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব পড়বে না। কারণ, আমরা কোনো পক্ষ নিইনি। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যদি দুই দেশের সম্পর্ক খারাপ হয়, তাহলে কিছুটা প্রভাব পড়তে পারে।\"

\r\n

বাংলাদেশ-ভারত সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, \"এটা সরাসরি নিরাপত্তা সংস্থার বিষয়। এই মুহূর্তে এ বিষয়ে আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।\"