যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৭।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আলাস্কা এবং কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হেনেছে। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আপাতত কোনো সুনামির আশঙ্কা নেই।
হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের পর তারা দুটি ৯১১ কল পেয়েছেন। তিনি বলেন, “ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি অনুভব করেছেন।”
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্প আঘাত হেনেছে ইউকনের পাহাড়ি অঞ্চলে, যেখানে মানুষের বসবাস খুবই সীমিত। বেশিরভাগ মানুষ জানিয়েছেন যে তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে।
গার্ডিয়ান জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে উৎপন্ন হয়েছে। এরপর আরও কয়েকটি ছোট আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএসও একই অঞ্চলে কয়েকটি আফটারশকের খবর দিয়েছে।





