রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই দিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনের ডাক দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর ঘটনায় শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষিতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একজন সচেতন শিক্ষার্থীর আচরণ এমন হওয়ার কথা নয়। ক্যাম্পাসে সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। রাকসুর জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার পরিবর্তে তিনি এমন কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছে। এসব কারণে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন এবং তার মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির একটি ব্যানার খুলে ফেলেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার খুলে নেওয়ার আলটিমেটাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এসব ঘটনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতের অভিযোগসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।





