মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) জানিয়েছেন, তার মস্তিষ্কে কোনো ধরনের সমস্যা নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল ‘পারফেক্ট’ এসেছে। তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষায়, “আমি শুধু একটি বুদ্ধিমত্তা-পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যেটা আপনাদের পক্ষে অর্জন করা কঠিন।”
ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনাটা নতুন নয়। তার প্রথম মেয়াদে প্রকাশিত সাংবাদিক মাইকেল উলফের বই ফায়ার অ্যান্ড ফিউরি-তে দাবি করা হয়েছিল, ট্রাম্প গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন এবং একই কথা বারবার বলেন।
তবে সে সময় হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন জানিয়েছিলেন, ট্রাম্প শারীরিকভাবে অত্যন্ত সুস্থ। পরবর্তী শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়নি।
পরে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান। তাদের যুক্তি ছিল—৬৬ বছর বা তার বেশি বয়সীদের স্বাস্থ্য পরীক্ষায় মানসিক মূল্যায়নও গুরুত্বপূর্ণ।





