সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আমার দেশ অনলাইনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিনিধিকে মামলার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা।
বৃহস্পতিবার “ছাত্রদলের এক কমিটিতে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ” শিরোনামে আমার দেশ অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনের ভিত্তিতে তৈরি। সেখানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন অভিযোগ করেন, সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির হোসেনসহ কয়েকজন নেতার সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠিত হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পরপরই সাংবাদিক মো. ইমন আলীর ফোনে যোগাযোগ করেন নেতা মুসা। অভিযোগ অনুযায়ী, তিনি ইমন আলীর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।
ঘটনাটি ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদ নিয়ে সাংবাদিককে মামলার ভয় দেখানো অত্যন্ত উদ্বেগজনক। এতে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি হয়।
বেরোবি প্রতিনিধি ইমন আলী বলেন, নিয়ম মেনে তথ্যভিত্তিক প্রতিবেদনই তিনি প্রকাশ করেছেন। হুমকি দিয়ে সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ।
অন্যদিকে সহ-সভাপতি মুসা বলেন, “নিউজ করবেন, সমস্যা নেই। তবে প্রমাণপত্র নিয়ে করতে হবে। কেউ একটা সংবাদ সম্মেলন করলেই নিউজ করে দিলে সেটা গ্রহণযোগ্য না। আমার বক্তব্য দিয়েছেন ঠিকই, কিন্তু সঠিকভাবে উপস্থাপন হয়নি। প্রয়োজন হলে আমি আইনি পথে যাব।”





