জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর, ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

“সমন্বিত শিক্ষার্থী জোটের এই নিরঙ্কুশ বিজয় কেবল আমাদের নয়, এটি পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। তবে আমরা মনে করি, আজ আমাদের প্রকৃত বিজয় হয়নি। আমরা বিজয়ী হব তখনই, যখন আমাদের দায়িত্ব শেষ করে সফলভাবে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজন করতে পারবো। আর যেদিন শিক্ষার্থীরা স্বীকার করবে যে আমরা তাদের আশা পূরণ করেছি, তাদের আমানতের ভার রক্ষা করেছি—সেদিনই বলবো, হ্যাঁ, আমরা সত্যিকারের বিজয় অর্জন করেছি।”

“হাজারো শিক্ষার্থী আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সেই আস্থা ও প্রত্যাশা যেন আমরা অক্ষুণ্ন রাখতে পারি, সেটিই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

নির্বাচনে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট।
তৃতীয় হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী, যিনি পেয়েছেন ৯৪১ ভোট।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট, যাদের মূল সমর্থন ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে।

নির্বাচনের এ ফলাফল শিবির-সমর্থিত ছাত্র রাজনীতির জন্য একটি বড় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন অনেকেই। এখন দেখার বিষয়, বিজয়ী প্রার্থীরা কতটা দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেন।