জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোটের কুমিল্লার ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের সময় শেষ হয়ে গেছে। তারা এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, কেন্দ্র দখল ও ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা হোন্ডা-গুণ্ডার ভীতি দেখাচ্ছেন, তারা সাবধান হোন; এ ধরনের রাজনীতি এখন আর চলবে না।


তিনি আরও বলেন, মানুষ সচেতন হয়ে উঠেছে। যারা নির্বাচিত হয়ে জনগণের অধিকার হরণ করবে, অর্থ লুটপাট করবে, তারা এবার ভোট পাবেন না। তিনি জনগণকে সচেতন থেকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে।


শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “ওসমান হাদির মতো আমরা হতে পারব না। তিনি দেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজ মা-বোনেরা ও বৃদ্ধরা গ্রামে গ্রামে তার আত্মার জন্য দোয়া করছেন। আমরা তার উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্ব নিয়েছি।”


দোয়া অনুষ্ঠানে গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ ইউনিয়ন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।