অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারা নিরাপদ প্রস্থানের (সেইফ এক্সিট) জন্য নয়, বরং স্বাভাবিকভাবে দায়িত্ব হস্তান্তরের পথেই থাকতে চান। শনিবার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, “আমরা সেইফ এক্সিট চাই না, চাই স্বাভাবিক এক্সিট। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে ফিরে যাব। বিদেশে পালানোর প্রয়োজন নেই, কারণ আমার দ্বিতীয় কোনো ঘর নেই।”


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন ঘিরে কোনো শঙ্কা থাকলে, তা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে মনিটর করবে। তবে নির্বাচন আয়োজনের জন্য তাদের প্রস্তুতি শতভাগ বলেও জানান তিনি।


ধর্ম উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র নয়। সংবিধান অনুযায়ী, তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সব ধর্মের উপাসনালয়ে যেতে বাধ্য, যা তার দায়িত্বের অংশ। একক ধর্মের উপদেষ্টা নন বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে জানিয়ে, এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।


সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।