অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ও সৃজনশীলতাই দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, “এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।”

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণকে মসৃণ ও টেকসই করা।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, “আমাদের এখন পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে—আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। যত দ্রুত সম্ভব এই পরনির্ভরতা থেকে বের হয়ে আসার দিকেই মনোযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “আত্মনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এর মধ্যেই আনন্দ আছে। নতুন বাংলাদেশ মানেই স্বনির্ভর বাংলাদেশ।”

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, এসডিজি মুখ্য সমন্বয়ক এবং ইআরডি কর্মকর্তারা।

এছাড়া ব্যবসায়িক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও সভায় অংশ নেন, যার মধ্যে ছিলেন বিজিএমইএ, এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি।