নাটোরের লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি বর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

\r\n

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাই আশ্রম সংলগ্ন একটি আমবাগানের মালিকানা ও আমপাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) মধ্যে।

\r\n

ঘটনার দিন দুপুরে নাসির ও তার লোকজন বাগান থেকে আম পাড়তে গেলে মিল্টনের অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে মিল্টনপন্থীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।

\r\n

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

\r\n

লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

\r\nতিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

\r\n

উল্লেখ্য, বিএনপির স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার ও বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।