জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। মামলাটিতে ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলমান রয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার সাক্ষ্য-প্রমাণ, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্রসহ সব তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা হবে। এর আগে গত ২২ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য প্রমাণ তুলে ধরে আসামিদের সরাসরি সম্পৃক্ততার দাবি করেন।
এরও আগে গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বর্তমান ধাপ শুরু হয়। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।





