ইসরায়েল আবারও ইরানে হামলার পরিকল্পনা করছে। চলতি মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই নতুন পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য চাঞ্চল্যকর হিসেবে প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ব্যালেস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে, যা তেলআবিবের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত জুনে দেশটির ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এছাড়া, ইরান যেসব পারমাণবিক স্থাপনায় হামলার শিকার হয়েছিল সেগুলো পুনর্নির্মাণ ও সংস্কার করছে, এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। এই কারণেই নেতানিয়াহু আবারও হামলার সিদ্ধান্ত নিতে চাইছেন।
এনবিসি জানিয়েছে, নেতানিয়াহু এই সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইবেন। এছাড়া তিনি ট্রাম্পকে বার্তা দিতে চাইছেন যে, ইরানের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্যও হুমকি। সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্রকেও অংশ নিতে আহ্বান জানানো হবে। তবে এ বিষয়ে ইসরায়েল সরকার মন্তব্য করতে রাজি হয়নি।
সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহু আনুষ্ঠানিক কোনো সফরে আসছেন না। বৈঠকটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রহে ফ্লোরিডার মার-ই-লাগোতে আয়োজন করা হবে।





