ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটিতে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিজের ছোট ভাই মো. মাহদীজ্জামান জ্যোতিকে সদস্যসচিব পদে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে স্যার এ এফ রহমান হলের সদস্যসচিব হিসেবে জ্যোতির নাম প্রকাশিত হয়।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না বলেন, “২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ লালন করে রাষ্ট্রযন্ত্রের দমন-নিপীড়নের মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলনের পর প্রাপ্ত সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করেও আদর্শ বিক্রি করিনি। অথচ আজ নেপোটিজম করে আমাকে সরিয়ে শিপন তার ভাইকে আমার স্থানে বসিয়েছেন।”
মুন্না ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক। অন্যদিকে, সদস্যসচিব পদে নিয়োগ পাওয়া জ্যোতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শিপনের আপন ছোট ভাই।
ছাত্রদলের একটি সূত্র জানায়, কমিটিতে নিজের ভাইকে সদস্যসচিব করার জন্য শিপন জোর তদবির করেন। এমনকি দাবি না মানা হলে কমিটির অনুমোদনে স্বাক্ষর না করার হুমকিও দেন। ফলে ১৮টি হলের কমিটি ঘোষণায় বিঘ্ন ঘটার শঙ্কায় শেষ পর্যন্ত শিপনের প্রস্তাব মেনে নেওয়া হয়।
এ বিষয়ে শিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “একই পদের জন্য একাধিক যোগ্য কর্মী থাকায় সবার পছন্দমতো পদে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি সবাই দল ও আদর্শের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করবেন।”





