আন্তর্জাতিক অঙ্গনে আবারও গর্বের সঙ্গে উড়বে বাংলাদেশের পতাকা। ২০ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫, লিবিয়ার বেনগাজি শহরে অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন হাফেজ আনাস বিন আতিক।
তাঁকে মনোনীত করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। সংস্থাটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক (Observer) হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবেন।
ভিসা, টিকিট ও প্রাসঙ্গিক কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত কয়েক বছর ধরেই বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছেন। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম, ২০২৩ সালে আবু তালহা ও মুস্তাফিজুর রহমান গাজী এবং ২০২৪ সালে মাহমুদুল হাসান লিবিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেই ধারাবাহিকতায় এবার ২০২৫ সালের ১৩তম আসরে অংশ নিচ্ছেন হাফেজ আনাস বিন আতিক।





