বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধি দল সোমবার (১৬ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

\r\n

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

\r\n

আলোচনায় প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো, তৃণমূল পর্যায়ে উপস্থিতি, রাজনৈতিক কার্যক্রম এবং বর্তমান প্রেক্ষাপটে তাদের দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে জামায়াতের সম্ভাব্য ইতিবাচক ভূমিকা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

\r\n

বৈঠক শেষে প্রতিনিধি দলটি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

\r\n

প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘নো পিস উইদাউট জাস্টিস’-এর সেক্রেটারি জেনারেল মি. নিকোলো ফিগা তালামাঙ্কা, আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক মি. আব্বাস ফয়েজ এবং ইন্টারন্যাশনাল ল ইয়ার অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এক্সপার্ট মি. পাসকাল টারলান।

\r\n

বৈঠকে উভয় পক্ষই মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রসারে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা প্রকাশ করেন।