আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যদি কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, তবে তিনি জাতীয় সংসদের সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না। এমন প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদে নির্বাচিত বা সংসদ সদস্য হিসেবে থাকা যাবে না। এছাড়া তিনি কোনো স্থানীয় সরকার সংস্থা, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না।
সংশ্লিষ্ট ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরি গ্রহণ বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিতও থাকতে পারবেন না। তবে, যদি ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দেন, তাহলে এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।





