জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া। প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তা সফল হয়নি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন, যা আইনি পথে যুক্তরাষ্ট্রকে সংস্থা থেকে বের হওয়ার সুযোগ দেয়। তবে সংস্থার নিয়ম অনুযায়ী বের হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে এক বছরের নোটিশ দেওয়া এবং সব পাওনা পরিশোধ করতে হতো।
বর্তমানে ডব্লিউএইচওর কাছে যুক্তরাষ্ট্রের বাকি ২৬০ মিলিয়ন ডলার পাওনা আছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো এই অর্থ পরিশোধ করবে না। সংস্থার এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বের হতে পারবে না। তবে তারা স্বীকার করেন, সংস্থার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে অর্থ আদায়ের কোনো ক্ষমতা নেই।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সরকারের সব ধরনের অর্থায়ন বন্ধ করা হয়েছে। সংস্থায় কর্মরত সমস্ত কর্মী ও ঠিকাদারকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংস্থার কমিটি, পরিচালনা পর্ষদ, শাসন কাঠামো ও কারিগরি ওয়ার্কিং গ্রুপগুলোতেও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অংশগ্রহণ বাতিল করা হয়েছে।
সূত্র: সিএনএন





