নোয়াখালীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ দীর্ঘ চার বছরের বিরতির পর অবশেষে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।
জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে মাওলানা সাইয়েদ আহমদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তবে পরবর্তীতে উপজেলা পর্যায়ে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।
পরিস্থিতি মোকাবিলায় মাওলানা সাইয়েদ আহমাদ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ সাড়ে তিন বছরের বিচারিক প্রক্রিয়ার পর ২০২৫ সালের ১৪ মে নোয়াখালী জেলা দায়রা জজ আদালত তাকে ৪৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। বিবাদী পক্ষ আপিল করলেও চূড়ান্তভাবে আদালতের রায় বহাল থাকে। এর ভিত্তিতে মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় জামায়াত নেতা মাওলানা রহিমুল্লাহ বলেন, “২০২২ সালের নির্বাচনে আমাদের বিজয় কেড়ে নেওয়া হয়েছিল। আজ সত্য ও ন্যায়ের জয় হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
মাওলানা সাইয়েদ আহমদ বলেন, “দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর অবশেষে শপথ নিতে পেরেছি। যেখানে মামলার নিষ্পত্তি হওয়ার কথা ছিল ছয় মাসে, সেখানে সময় লেগেছে চার বছর। আমি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপপরিচালক (স্থানীয় সরকার) ফেরদৌসী বেগম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





