সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট বাধাগ্রস্থ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের যেসকল প্রবাসীরা দেশে আটকা পড়েছেন তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (ICP)। এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন নতুন কোনো ‘এন্ট্রি পারমিট’ বা বিশেষ প্রবেশ অনুমতি ছাড়াই সরাসরি আমিরাতে ফেরার সুযোগ পাবেন।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।


মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান-ইসরায়েল উত্তজনার কারণে অনেক প্রবাসী সময়মতো আমিরাতে ফিরতে পারেননি। এছাড়া ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের স্বস্তি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই সিদ্ধান্তের কারণে দেশে গিয়ে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা যাচ্ছে তাদের চিন্তার আর কোনো কারণ নেই।

যারা বৈধ রেসিডেন্সি ভিসা থাকা সত্ত্বেও বিশেষ পরিস্থিতির কারণে সময়মতো ফিরতে না পেরে ভিসার মেয়াদ হারিয়েছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন।

আমিরাত সরকার এই মানবিক উদ্যোগের পাশাপাশি জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব না রটাতে বিশেষভাবে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের জীবনযাত্রা সহজ করাই তাদের প্রধান অগ্রাধিকার।