আজকের মধ্যেই আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, “দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে সরকারের আশপাশে থাকা লোকজন। শিক্ষকদের আর এক মুহূর্তও কষ্টে রাখবেন না। আজকের মধ্যেই তাদের দাবি মেনে নিতে হবে। শিক্ষকদের সঙ্গে ফাঁকি দেবেন, আর আমরা চুপ করে থাকব—এটা কোনোভাবেই সম্ভব নয়।”
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কদম ফোয়ারা মোড়ে শিক্ষকদের কালো পতাকা মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, “শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক নয়। তাদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। বেতন-ভাতা, বাড়ি ভাড়া বা উৎসব ভাতার মতো মৌলিক বিষয়ে কেন তাদের রাস্তায় নামতে হবে?”
সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “আপনারা শিক্ষা কমিশন কেন গঠন করছেন না? শিক্ষকদের মুখের দিকে তাকান, তাদের পরিবারের দিকে তাকান। তাদের সন্তানরা চাঁদাবাজি বা দুর্নীতি করে না। অথচ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে।”
বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুবিধা সংক্রান্ত তিন দফা দাবিতে আজ রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কদম ফোয়ারা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।





