আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজ (৫ ফেব্রুয়ারি) দেশের ডাকঘরে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট সাদা ব্যালট খামে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণাপত্র সই করে সাদা ব্যালট খামসহ হলুদ খামের মধ্যে যত দ্রুত সম্ভব কাছের ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।
\r\nবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে তা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। নির্বাচনের দিন বিকেল ৪:৩০টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো ব্যালট না থাকলে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
\r\nউল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথম প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটারের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।





