বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে, লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট শুক্রবার পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা তাকে ছুটি দেন, তবে তিনি বাসায় ফিরে যাবেন এবং পরবর্তী সময়ে বাসা থেকেই নিয়মিত চিকিৎসা নেবেন।

ডা. জাহিদ আরও জানান, “শুক্রবার খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি রিপোর্টে সব কিছু ঠিক থাকে।” তিনি বলেন, খালেদা জিয়া সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন।

এর আগে, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তবে কয়েকটি রিপোর্ট এখনো আসেনি এবং কিছু পরীক্ষা বিদেশে করাতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া শারীরিকভাবে আগের তুলনায় অনেকটা উন্নতি করেছেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি জানিয়ে ডা. জাহিদ বলেন, তার বয়স এবং জেলে থাকার কারণে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি জানান, \"যদি আগে তাকে চিকিৎসা দেওয়া যেত, তবে হয়তো লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব হতো।\"

চিকিৎসকদের মতে, বর্তমানে তার চিকিৎসা ওষুধের মাধ্যমে চলবে এবং তা অব্যাহত রাখার বিষয়ে সবাই একমত।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।