আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে আজ রবিবার সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।


শনিবার এক বিজ্ঞপ্তিতে ইসির উপসচিব মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে সমন্বয় করাই এর মূল উদ্দেশ্য।


বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ, র‌্যাব , আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।


বৈঠকে নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি