বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা পড়াবেন। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ও কূটনীতিকরা অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে দাফনের সময় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হওয়ায় শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধও জানানো হয়েছে।
এদিকে, গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আজ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ আনা হবে। এ সময় পুরো রাস্তাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
তিনি বলেন, জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং বিটিভিতে তা সম্প্রচার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন থাকবে, গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। বিএনপির সঙ্গে সমন্বয় করেই জানাজার আয়োজন করা হবে। সংসদ ভবন, বাংলাদেশের দূতাবাস এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা থাকবে।





