বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর বৈঠকে যোগ দিতে আজ ইতালির রাজধানী রোমের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবেন।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি অধ্যাপক ইউনূস উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকেও যোগ দেবেন। জানা গেছে, তিনি মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা বিশ্ব খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের অনুষ্ঠানটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।