অধ্যাদেশ জারির দাবিতে ফের রাস্তায় নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকার পাশাপাশি অধ্যাদেশ জারিতে কোনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সোমবার (৮ ডিসেম্বর) তারা আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করছেন।


শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে, তবে চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে এখনো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।


এর আগে, রোববার রাতে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়েছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।


সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাস থেকে এসে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান নেন। দুপুর ১টায় তারা সড়কের মোড়ে অবস্থান নেন, এবং বিকেল সাড়ে ৩টায় হাইকোর্টের সামনে অবরোধ করেন। রাত ৮টায় তারা ব্লকেড তুলে নিয়ে পুনরায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।


অবস্থানরত শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, “অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হয়েছে, তবে শিক্ষার্থীরা এখনো ক্লাসে যেতে পারছেন না। প্রশাসনকে বলছি, শিক্ষার্থীদের আকুতি শুনুন। তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন এবং অধ্যাদেশ জারি করে আমাদের পরিচয় নিশ্চিত করুন।”


তিনি আরও জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছেন, তবে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন। আগামীকাল আরও শিক্ষার্থী এতে যোগ দেবেন এবং অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবেন না।