ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারসংক্রান্ত আচরণবিধি শিথিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রচারে মাইক ব্যবহারের সীমা এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ডের সংখ্যা নিয়ে আরোপিত শর্তগুলো বদলে প্রস্তাব গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে নির্বাচনি এলাকায় প্রচার আরও সহজ হবে এবং জনসভা আয়োজনের দিন প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন।
ইসি সূত্র জানায়, বর্তমান বিধানে একটি আসনে প্রতিদিন সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহারের নিয়ম রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে জনসভা অনুষ্ঠিত হওয়ার দিনে মোট ছয়টি মাইক ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে তিনটি জনসভায় এবং বাকি তিনটি সাধারণ প্রচারে যে কোনো স্থানে ব্যবহার করা যাবে। তবে জনসভাস্থলে তিনটির বেশি মাইক ব্যবহার করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
কমিশনের কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরই মাইক ব্যবহারের শর্ত শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা ব্যানারের সংখ্যায়ও পরিবর্তন আনা হচ্ছে। আগে একটি আসনে সর্বোচ্চ ২০টি ডিজিটাল বোর্ড স্থাপনের নিয়ম ছিল। কিন্তু অনেক আসনে ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা বেশি হওয়ায় এই সীমা বাস্তবতার সঙ্গে মেলেনি। নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় একটি করে ডিজিটাল প্রচার বোর্ড স্থাপন করা যাবে। কোনো আসন সিটি করপোরেশন এলাকায় হলে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রচার বোর্ডের অনুমতি থাকবে।
ইসি আশা করছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এসব সংশোধনী অনুমোদন পাবে। কমিশনের এক উপসচিব বলেন, প্রচারসংক্রান্ত কিছু অসঙ্গতি সমন্বয় করে সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই তা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।





