হৃদয় আহম্মেদ শাওন জামালপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৫ সদর উপজেলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ফেইসবুক থেকে সংগৃহীত একটি ভিডিও লিংকের সূত্র ধরে এ নোটিশ জারি করা হয়। ভিডিওতে দেখা যায়, প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করে ভোট চেয়ে প্রচারণা চালানো হচ্ছে।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মুহাম্মদ আব্দুস সাত্তার প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওসমূহ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওতে প্রদর্শিত মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৯ ক এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে বর্ণিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১২টায় জজ যুগ্ম জেলা ও দায়রা জজ, অর্থঋণ আদালত, জামালপুর-এর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কারণ দর্শানো নোটিশটি অতি সত্বর জারি করে জারির প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণের জন্য জামালপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।