যশোরের ঝিকরগাছায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, মোট পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ায় সোহাগ নামের এক ব্যক্তির হাঁসের খামারে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগসহ আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।


ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আবু হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে আটক করা হয়েছে।


অভিযানকালে উদ্ধার করা হয়:

দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র (রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, ছুরি, হাত করাত), একটি খেলনা পিস্তল, একটি ওয়্যারলেস সেট ও ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল


রিফ্লেক্টিভ জ্যাকেট, মুখোশ, টর্চলাইট, সিসি ক্যামেরা, স্বর্ণ মাপার যন্ত্র (মিটার), হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম, বিদেশি মদের বোতল।


এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, “গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”


পুলিশ বলছে, উদ্ধারকৃত সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে—এটি শুধু ডাকাতির জন্য নয়, বরং সংগঠিত অপরাধচক্রের নানা ধরনের কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।