ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নির্ধারিত সময়েই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এ আদেশ দেন।
এর আগে পরীক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট নাজমুস সাকিব গত বুধবার রিট আবেদনটি দায়ের করেন, যেখানে নির্বাচনকালীন সময়ে পরীক্ষা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd
) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd
) যথাসময়ে প্রকাশ করা হবে।
এবারের ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় কম। এর আগে ৪৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।
প্রসঙ্গত, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতায় ৫ নম্বর করে বাড়ানো হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন যেসব প্রার্থীর শ্রুতলেখকের প্রয়োজন রয়েছে, তাঁদের আবেদনের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। পিএসসি নিজস্ব ব্যবস্থাপনায় শ্রুতলেখক সরবরাহ করবে।
কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।





