তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তারা যে অঙ্গীকার নিয়ে এসেছিলেন, সেটি পূরণের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মাহফুজ আলম বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়েছিলাম, বিচারের কাজ শুরু করেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং রায়ও হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”

তিনি আরও জানান, “অন্যান্য মামলাও চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা বা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিচার হবে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তী সরকারও এ বিচার কার্যক্রম এগিয়ে নেবে।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “সংস্কারে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সর্বসম্মত হয়ে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। সবাই মিলে ঐকমত্যে পৌঁছেছে। এর মাধ্যমে দেশ নতুন এক পর্বে প্রবেশ করেছে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা পরবর্তী নির্বাচিত সরকার বজায় রাখলে আমরা যে নতুন বাংলাদেশ চাই, সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।”