আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত এক সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ পর্যন্ত)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। এবার অতিরিক্ত ২ হাজার ৯৫০টি ভোটকেন্দ্র ও ১৯ হাজার ভোটকক্ষ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রতিবারের মতো এবারও প্রয়োজনের তুলনায় ১০% বেশি ভোটগ্রহণ কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হবে এবং তাদের মধ্যে ৫% অতিরিক্ত জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে আগামী নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।





