প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।”
প্রেস সচিব আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। সেখানে তিনি গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ তুলে ধরবেন।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের মূল বার্তা হবে— ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই এ নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই সাধারণ মানুষ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সরকারের কাজ, নির্বাচন আয়োজনের প্রস্তুতি, বিচারব্যবস্থা এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলোও গুরুত্ব পাবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই এবং সরকার নিয়মিতভাবে দলগুলোর সঙ্গে আলোচনায় রয়েছে।
আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি তারা কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের পাশে আর কেউ নেই।”





