যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


বুধবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান।


বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, “এটি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি স্পষ্টতই ফ্যাসিবাদবিরোধী শক্তির ওপর একটি রাজনৈতিক বার্তা এবং হুমকি। বিশেষ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই করা হয়েছে।”


তারা বলেন, “দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের দুর্বলতা, আওয়ামী ফ্যাসিবাদের বিচারহীনতা এবং যথাযথ সামাজিক প্রতিরোধের অভাবের কারণে এমন হামলা বারবার ঘটছে। এসব ঘটনার দায় সরকার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলো এড়াতে পারে না।”


ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, “এই বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিকেই লক্ষ্য করেনি, বরং তা বাংলাদেশের ভাবমূর্তিকেও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করছে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।”


তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে গত সোমবার যুক্তরাষ্ট্রে যান কয়েকজন রাজনৈতিক নেতা। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা হামলা ও হেনস্তার শিকার হন। ওই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং পরে তাকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করা হয়।