স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্যখাতের প্রকল্পে টেন্ডার জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারের পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর আগের দিন, বুধবার (৯ সেপ্টেম্বর), দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী: মিঠুর মালিকানাধীন দুটি কোম্পানি—লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট–এর মাধ্যমে তিনি। কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি কেনাসহ স্থাবর সম্পদ অর্জন করেছেন প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকা। গাড়ি, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক হিসাব, শেয়ার ও বিনিয়োগ মিলিয়ে অস্থাবর সম্পদের পরিমাণ ৫৭ কোটি ৪৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া মিঠুর পরিবারের ব্যয় হিসাব পাওয়া গেছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা। ফলে মোট সম্পদ ও ব্যয়ের অঙ্ক দাঁড়ায় প্রায় ১৪৭ কোটি টাকা।

দুদকের হিসাব মতে, বৈধ আয় সূত্র থেকে তার অর্জনযোগ্য আয় মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা, যা প্রকৃত ব্যয় ও সম্পদের তুলনায় অনেক কম।

ডিবির ভাষ্য মতে, মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম চালক ছিলেন, যার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে।