বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয় পেয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বুঝতে পারি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট এলো কোথা থেকে। আমার হিসাব মেলে না।”
এ ঘটনাকে কারচুপির বদলে তিনি দেশে একটি “গভীর ষড়যন্ত্রের আভাস” হিসেবে দেখছেন।
কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “যখনই বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে বসে, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার বলে— আওয়ামী লীগ যেন আর কোনোদিন ক্ষমতায় না আসতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে গেল।”





