জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী বলেছেন, “পুলিশের বিশেষ শাখা (এসবি) ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে, যা প্রমাণ করে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। খুনি হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও এ সতর্কতা আমাদের ব্যর্থতার ইতিহাস হয়ে থাকবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) পঞ্চগড়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ ও পথসভায় এসব মন্তব্য করেন তিনি। কর্মসূচির আওতায় শহরের সিনেমা হল রোড, চৌরঙ্গী মোড়, আদালত চত্বর ও তেঁতুলিয়া রোড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।
আনসার আলী আরও বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের যথাসময়ে গ্রেফতার করা হলে এত সতর্কতা জারি করার প্রয়োজন হতো না। তাদের বিচার এখনো দৃশ্যমান নয়, যা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা।”
এসময় দলটির কেন্দ্রীয় মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত আনার দাবিতে এ কর্মসূচি পালিত হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও দেশব্যাপী গণসংযোগ চলবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা নেতা আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হক, যুবনেতা কামরুজ্জামান কুয়েত, শ্রমিক নেতা মানিক হোসেন, মো. তসলিম এবং ছাত্রনেতা শাহাদাত হোসেন সেলিম।
নেতারা দাবি করেন, বর্তমান সরকারের 'সুশীল আচরণ' সত্ত্বেও সংগঠিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।





