বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। তিনি অভিযোগ করে বলেন, “তারা (আওয়ামী লীগ) বাংলাদেশকে শাসন ও শোষণ করতে চায়, কিন্তু এই দেশের অস্তিত্বে বিশ্বাস রাখে না।”

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “৫ আগস্টের আগে আমরা সবাই এক ছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু পরে বিভাজন শুরু হয়, গণতান্ত্রিক শক্তিগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।”

বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। শুনছি, হবে-হবে—এই পর্যায়ে আছে। অথচ সবাই প্রেসিডেনশিয়াল রিপাবলিক নিয়ে চিৎকার করছে। বাস্তবতা হলো—কমিশন কোনো নির্দেশনা দেয়নি।”

ভারতে গুম হয়ে থাকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “জুলাই অভ্যুত্থান না হলে হয়তো আমাকে ভারতে মরতে হতো। গুম নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা মূলত বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অবমাননা করে। যারা এসব নিয়ে গুজব ছড়ায়, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে—তাদের প্রতি আমার কোনো নসিহত নেই।”

ইভিএম ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, “এখনো আমরা ভোটারদের ঠিকভাবে ইভিএমে ভোট দেওয়া শেখাতে পারিনি। অথচ সবাই প্রেসিডেনশিয়াল রিপাবলিক নিয়ে মেতে আছে। গণতন্ত্র, দেশের স্থিতিশীলতা, সরকার গঠনের সক্ষমতা—এসব নিয়ে কারও চিন্তা নেই। শুধু নিজের লাভ-লোকসান নিয়ে ব্যস্ত।”

শেষে তিনি রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করার আহ্বান জানান।