নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলেন।
\r\nতিনি বলেন, “আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। এই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে তাকে দেশে থাকতে দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন।
\r\nনাসীর পাটওয়ারী অভিযোগ করেন, “উপদেষ্টারা বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছেন। এভাবে চলতে থাকলে তাদের বাধ্য হয়ে পদত্যাগ করাতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে সালেহউদ্দিন ও ওয়াহিদ উদ্দিন পরিকল্পিতভাবে কাজ করছেন, আর আইন মন্ত্রণালয় ধ্বংসের কাজে ব্যস্ত রয়েছেন আসিফ নজরুল।”
\r\nতিনি ইসিকে উদ্দেশ করে বলেন, “ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো চলছে। কমিশন পুনর্গঠন না হলে এনসিপি কোনো নির্বাচন হতে দেবে না।” এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবিও জানান তিনি।
\r\nবিক্ষোভে আরও অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে দালাল চক্র দখলদারিত্ব চালাচ্ছে এবং উপদেষ্টা প্যানেলে বিএনপিপন্থিদের স্থান দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অর্থেই বিএনপি নগর ভবন বন্ধ করার মতো কার্যক্রম চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
\r\nবক্তব্যের এক পর্যায়ে পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আর মুজিবীয় সংবিধান চলবে না। জাতিকে বিভক্ত করা এই সংবিধান বাতিল করতে হবে।”
\r\nএই বক্তব্য ও বিক্ষোভ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে, যদিও অভিযুক্ত উপদেষ্টাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





