বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের মাধ্যমে যে 'মিথ্যা ইতিহাস' সৃষ্টি করেছে, তার মুখোশ উন্মোচন করতে হবে। তিনি দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনের আগেই ৩০০ আসনে কারা নির্বাচিত হবেন, সে পরিকল্পনা আগেভাগেই তৈরি ছিল।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে 'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, “ওয়ান ইলেভেন একটি পরিকল্পিত ঘটনা ছিল, যার মাধ্যমে একটি বিশেষ সরকারকে ক্ষমতায় বসানো হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সব দিক থেকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ এবং বিরোধী দল দমন—সবই ছিল তাদের পরিকল্পনার অংশ।”
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছে।
দেশের জনগণ কখনোই আধিপত্যবাদ মেনে নেয়নি উল্লেখ করে মঈন খান বলেন, “এখন সময় এসেছে সত্যকে তুলে ধরার, মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দেওয়ার।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন শিগগিরই শিডিউল ঘোষণা করবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত হবে।”





