আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সেটি বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, \"বাংলাদেশের জনগণকে স্থিতিশীল রাখতে চায় না এই পতিত স্বৈরাচার সরকার। কুমিল্লায় আওয়ামী লীগের এক নেতা ধর্ষণের ঘটনা ঘটিয়েও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।\"

তিনি আরও দাবি করেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সরকারের একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা। রিজভীর ভাষায়, “সরকার যদি দ্রুত পদক্ষেপ নিত, তাহলে এমন অপরাধ ঘটত না। বরং তাদের ধীর পদক্ষেপই অপরাধীদের সাহস দিচ্ছে।”

মুরাদনগরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, জুলাই মাসে ‘গণ-অভ্যুত্থান’ গড়ে তুলতে মাঠে নামবে বিএনপি। এ কর্মসূচিতে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে বিএনপির ধারাবাহিক কর্মসূচি।

তিনি জানান, ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করা হবে। এ সময় রিজভী বলেন, “ক্ষমতায় গিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।”