মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর- কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শনিবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় রাজৈর উপজেলা এনসিপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব মাঘা, মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মী প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগদানকৃত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার বলেন, আমি ৫'ই আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে। দেশকে ভাল একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শে আদর্শিত হয়ে আজকে এনসিপিতে যোগদান করলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দুর্গ গড়ে তুলবো এবং তাদের আমি সর্বদিক সহযোগিতা করবো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার প্রতিনিধি মহাসিন ফকির বলেন, আমাদের সততা ও আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদার সহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সকলে এনসিপিতে যোগদান করেছেন।

এসময় এনসিপি নেতা জাবের হাওলাদার বলেন, টেকেরহাট কাঁচাবাজারে কোন টলঘর বা সরকারি অবকাঠামোতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আবাসিক এলাকার মধ্যে রাস্তার উপরে মাছ ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীরা দোকানদারি করছে। তাদের কাছ থেকে জনপ্রিয় ২০০-২৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত মারামারির মতো ঘটনা ঘটছে। আমরা এটার অবসান চাই।